গ্রেফতার বারাবনির দাপুটে নেতা, আদালতে তুলতেই উঠল ‘চোর’ স্লোগান!
২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় আসানসোলের বারাবনি ব্লক তৃণমূল সভাপতি ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তাঁর ভাই তথা পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। দীর্ঘ সময় ধরে চলা এই মামলার তদন্ত এবং গোপন অভিযানের মাধ্যমে পুলিশ শেষ পর্যন্ত তাঁদের পাকড়াও করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে হাজির করানো হয়। পুলিশি কনভয় আদালত চত্বরে পৌঁছামাত্রই স্থানীয় মানুষ ও বিরোধী দলের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ সময় ধৃতদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং আদালত চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। দাপুটে তৃণমূল নেতাদের এই গ্রেফতারি ও আদালত চত্বরের ঘটনা বারাবনির রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।