মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন কাণ্ড
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ বছর বয়সী এক যুবকের মূত্রনালি থেকে দুটি চুলের পিন সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। তীব্র যন্ত্রণা ও প্রস্রাবের সমস্যার অভিযোগে সাহেব সরকার নামক ওই যুবক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মূত্রনালিতে দুটি হেয়ার পিন আটকে থাকার বিষয়টি নিশ্চিত হয়, যা অত্যন্ত বিরল এবং নজিরবিহীন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডাঃ অমিত বড়ুয়া এবং ডাঃ আশুতোষ কুমারের নেতৃত্বে এক বিশেষজ্ঞ দল ‘থ্রি-ও ক্লক ইনসিশন’ (Three o’clock incision) পদ্ধতি ব্যবহার করে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। মূত্রনালিতে যাতে কোনো ক্ষত সৃষ্টি না হয়, সেজন্য অত্যন্ত সাবধানে ঘড়ির কাঁটার ৩-টার অবস্থানে ছোট একটি ছেদ করে পিন দুটি বের করা হয়। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছেন। তবে এই ঘটনার পেছনে যুবকের কোনো মানসিক সমস্যার সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে মনোবিদরা আলোকপাত করছেন।