বেইমান নই! দিদির পাশে থাকার শপথ নিয়ে উত্তাল তৃণমূলের কর্মিসভা
কলকাতা: প্রবল দুর্যোগ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উপেক্ষা করেই বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভা জনপ্লাবনে পরিণত হয়েছে। ‘আমরা বেইমান নই’ স্লোগানকে সামনে রেখে রামমোহন হলে আয়োজিত এই সভায় জেলা সভাপতি কুণাল ঘোষের উপস্থিতিতে দলত্যাগী ও বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে সভার স্থান পরিবর্তন করে হলঘরে স্থানান্তর করতে হলেও, সেখানে কর্মীদের বাঁধভাঙা ভিড় ছিল লক্ষণীয়। এদিনের সভার মাঝেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কর্মীদের মনোবল আরও বাড়িয়ে তোলে।
দলীয় আদর্শ ও আনুগত্যের ওপর জোর দিয়ে বিধায়ক বিজয় উপাধ্যায়সহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে এদিন কুণাল ঘোষ শক্তিপ্রতাপ সিংকে জেলা যুব সভাপতি এবং মৃত্যুঞ্জয় পালকে রাজ্যের যুব স্টিয়ারিং কমিটিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেন। স্মিতা বক্সি, কৃষ্ণপ্রতাপ সিং ও দেবিকা চক্রবর্তীর উপস্থিতিতে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল আগামী ২১ জুলাইয়ের শহিদ তর্পণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া। কুণাল ঘোষ জানিয়েছেন, যারা এদিন উপস্থিত থাকতে পারেননি, তাঁদের নিয়ে শীঘ্রই বড় মাপের সভা আয়োজন করা হবে এবং এরপর জোন ভিত্তিক বৈঠক শুরু হবে।