মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কাজ করল, তারাতলা কাণ্ডে গ্রেপ্তার ‘ক্যামাক স্ট্রিটের কালী’!
কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক ও ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে (কালী) গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই সিট এই পদক্ষেপ গ্রহণ করে। গ্রেপ্তার হওয়া কালীচরণকে শুক্রবার আদালতে তোলা হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, খরচ কমাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিল্ডিংয়ের নকশায় ফিরহাদ হাকিমের স্বাক্ষর থাকলেও সমস্ত অনুমোদন কালীর নির্দেশে সম্পন্ন হতো। ২০১০ সাল থেকে পুরসভার সঙ্গে যুক্ত কালীচরণ একসময় অঘোষিত নিয়ন্ত্রক হয়ে ওঠেন এবং তাঁর অনুমতি ছাড়া নকশা পাশসহ কোনো কাজই হতো না। সিটের এই গ্রেপ্তারি কলকাতা পুরসভার বিভিন্ন বেআইনি নির্মাণ ও দুর্নীতির বৃহত্তর চক্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।