মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা, ষড়যন্ত্রের জালে ফাঁসলেন কংগ্রেস প্রার্থী সায়েম!
মালদহের মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা ও তাঁদের গাড়িতে হামলার অভিযোগে জাতীয় কংগ্রেস প্রার্থী সায়েম ওরফে বাবু চৌধুরীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতার এনআইএ দফতরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বিধানসভা নির্বাচন চলাকালীন এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হওয়া এই হামলার ঘটনাটি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
এনআইএ সূত্রে জানা গেছে, মোথাবাড়িতে বিডিও অফিস ঘেরাও এবং বিচারকদের ওপর হামলার নেপথ্যে সায়েমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তকারী সংস্থার হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিডিও অফিস থেকে ফেরার পথে বিচারকদের ওপর সংঘবদ্ধ হামলার পেছনে তাঁর উস্কানিমূলক মন্তব্য ও প্ররোচনা কাজ করেছে। এর আগে গত এপ্রিল মাসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তখন গ্রেফতার করা হয়নি, তবে সম্প্রতি অকাট্য তথ্যপ্রমাণ সংগ্রহের পর এই পদক্ষেপ নেওয়া হলো। এই মামলায় এখন পর্যন্ত আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি ও প্রভাবশালী নেতা গোলাম রব্বানিসহ মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।