৩৪ বছর পর বাবার শ্রাদ্ধ! বাম আমলে হারানো পিতাকে ফিরে পেলেন ছেলেরা?
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা হরিসাধন ডোগরির মৃত্যুর ৩৪ বছর পর অবশেষে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন তাঁর দুই ছেলে। ১৯৯২ সালে রাজনৈতিক হিংসার বলি ওই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা এতদিন একটি কঠিন প্রতিজ্ঞা করেছিলেন যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত তাঁরা বাবার শ্রাদ্ধশান্তি করবেন না। সেই প্রতিজ্ঞা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সম্পূর্ণ ধর্মীয় ও শাস্ত্রীয় নিয়ম মেনে এই আচার সম্পন্ন করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ১৯৯২ সালে তৎকালীন শাসকদল সিপিএমের দুষ্কৃতীরা হরিসাধন ডোগরিকে কুপিয়ে খুন করেছিল। সে সময় থানায় অভিযোগ দায়ের করা হলেও রাজনৈতিক প্রভাবে অভিযুক্তরা পার পেয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে বামফ্রন্ট সরকারের পতন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকালে মামলার কোনও সুরাহা হয়নি বলে পরিবারটি জানায়। বর্তমানে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় নিজেদের কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে মনে করে এতদিন ধরে নেওয়া সেই শপথ পূর্ণ করলেন নিহতের দুই ছেলে তন্ময় ডোগরি ও তাঁর ভাই।