প্রি-ওয়েডিং শুটের আড়ালে ভয়ংকর খুনের ছক, পাহাড় থেকে ফেলে দিলেন হবু স্ত্রী!
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট করতে গিয়ে তরুণ ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে যে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য রাজকীয় বিয়ের আগেই বাগদত্তা সিয়া গোয়েল তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সাথে যোগসাজশে কেতনকে পাহাড়ের ৩৫০ ফুট উচ্চতা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছেন। ১৭ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল প্রাসাদ বুকিংয়ের মাধ্যমে যে বিয়ের আয়োজন চলছিল, এই চাঞ্চল্যকর ঘটনায় তা এখন তদন্তের কেন্দ্রে উঠে এসেছে।
তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগের দিন সিয়া ও চেতন একটি ক্যাফেতে একান্তে দীর্ঘ সময় ধরে গোপন বৈঠক করেন, যেখানে এই হত্যার ছক কষা হয়েছিল। লোহাগড় দুর্গের ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ আরও দেখেছে, ৩৩ ডিগ্রি গরমের মধ্যেও রহস্যময় এক হুডি পরা যুবক কেতনদের গাড়ি অনুসরণ করছিলেন, যিনি পরে চেতন চৌধুরী হিসেবে শনাক্ত হন। কল রেকর্ড ও বয়ানের অসঙ্গতির মুখে জেরা করা হলে সিয়া গোয়েল এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।