ভারতের জ্বালানি নিরাপত্তায় আদানির ২ লক্ষ কোটির মেগা মাস্টারপ্ল্যান!
ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এক যুগান্তকারী ও বহুমুখী মেগা রোডম্যাপ ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। সম্প্রতি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি এই পরিকল্পনা তুলে ধরেন। নবীকরণযোগ্য শক্তি, কয়লা, গ্যাস, জলবিদ্যুৎ, সবুজ হাইড্রোজেন এবং পারমাণবিক শক্তি উৎপাদনকে একই কর্পোরেট কাঠামোর অধীনে এনে দেশের জ্বালানি চাহিদা মেটানো এবং কার্বন নিঃসরণ কমানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
এই মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ৪৫ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কর্মসূচি নিয়েছে আদানি পাওয়ার। পাশাপাশি, ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের সাথে ৫,০০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের চুক্তি এবং ২০৩৫ সালের মধ্যে আদানি অ্যাটমিক এনার্জির মাধ্যমে ১০ গিগাবাইট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ৭২,০০০ কোটি টাকার ট্রান্সমিশন নেটওয়ার্ক সম্প্রসারণ, রেকর্ড পরিমাণ কয়লা উত্তোলন এবং পিএনজি সংযোগ ১১ লক্ষ ছাড়ানোর মতো মাইলফলকগুলো এই রোডম্যাপের অন্তর্ভুক্ত। জ্বালানি খাতের উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে ভারতকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।