সালিশি সভার নামে ডেকে ভাগ্নেকে পিটিয়ে খুন, জমি নিয়ে এমন নৃশংসতায় স্তব্ধ এলাকা!
মুর্শিদাবাদের নবগ্রাম থানার দামরুল গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সালিশি সভায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠল মামা হারু শেখের বিরুদ্ধে। পারিবারিক সমস্যা মেটানোর উদ্দেশ্যে গত ২০ জুন আয়োজিত এই সালিশি সভায় কথা কাটাকাটির এক পর্যায়ে হারু শেখ তাঁর ভাগ্নে সানারুল শেখকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং সবশেষে কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন সানারুলের মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত হারু শেখকে গ্রেপ্তার করেছে নবগ্রাম থানার পুলিশ। একইসঙ্গে সালিশি সভায় উপস্থিত আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।