শিক্ষকদের কাঁধে ডিজিটাল সেন্সাসের বড় দায়িত্ব, অগস্টেই শুরু হচ্ছে রাজ্যের মহাআয়োজন!

দীর্ঘ বিরতির পর আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে জনগণনার কাজ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে গণনাকারী হিসেবে নিযুক্ত করা হচ্ছে রাজ্যের শিক্ষকদের। মূলত যেসব শিক্ষক বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাঁদেরই ২০২৭ সালের জনগণনার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। নবান্নের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে পৌঁছে গেছে এবং জেলা পর্যায়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষকদের তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ের কাজ এবং তদারকির জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। এই দায়িত্ব পালনের সুবিধার্থে শিক্ষকদের প্রয়োজনীয় ক্ষেত্রে বিদ্যালয়য়ের দৈনন্দিন কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য শিক্ষা দপ্তরকে অনুরোধ করা হয়েছে। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-গণনার ব্যবস্থা থাকবে এবং পুরো প্রক্রিয়াটি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। সাধারণ মানুষের সহায়তার জন্য ১৮৫৫ এবং ০৩৩-২৩৩৫ ৯৫০৩ হেল্পলাইন ও www.westbengal.census.gov.in ওয়েবসাইট চালু করা হয়েছে। ২০১১ সালের পর দীর্ঘ পনেরো বছর বাদে হতে চলা এই জনগণনার মাধ্যমে রাজ্যের আর্থ-সামাজিক অবস্থা ও জনবিন্যাসের প্রকৃত চিত্র উঠে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *