তারাতলা বিপর্যয়, রাতেই গ্রেপ্তার মালিক সহ ৫!
তারাতলায় গুদামে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় মালিক শম্ভুনাথ বেহরাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লালবাজার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার পর বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে অয়ন ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হুসেন ও লেবার সাপ্লায়ার দিবাকর ভাণ্ডারিসহ আরও দুজন রয়েছেন। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় ধৃত গুদাম মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় আটজনের মৃত্যুর পর এনডিআরএফ ও রাজ্য উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রী ইন্দ্রনীল খাঁসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে লালবাজারের গোয়েন্দা বিভাগকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পরিকাঠামোগত ত্রুটি ও সুরক্ষাবিধি অমান্য করার বিষয়টি বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিট বর্তমানে ঘটনার সঙ্গে অন্য কোনো চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে।