শিশুর আত্মবিশ্বাস কি হারিয়ে ফেলছি আমরা!
প্রতিযোগিতামূলক যুগে সন্তানকে সব বিষয়ে সেরা ও ‘অলরাউন্ডার’ করে তোলার প্রবল আকাঙ্ক্ষা শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত প্রাইভেট টিউশন, নাচ, গান ও সাঁতারসহ বিভিন্ন কর্মকাণ্ডের চাপের ফলে শিশুরা মানসিক অবসাদ ও হীনম্মন্যতার শিকার হচ্ছে। অভিভাবকদের প্রত্যাশার এই ভারী বোঝা শিশুদের মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে।
অভিভাবকদের অসচেতন আচরণ, যেমন সহপাঠীদের সঙ্গে ক্রমাগত তুলনা করা, ছোট ভুলে মাত্রাতিরিক্ত বকাঝকা এবং পারিবারিক জটিল বিষয়ের সামনে উপস্থিতি শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া শিশুদের নিজস্ব মতামত ও অনুভূতিকে গুরুত্ব না দিয়ে প্রতিটি সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার ফলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এবং একাকীত্বে ভুগছে। এ ধরণের পরিস্থিতি শিশুদের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও সামাজিক জীবনের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে।