বাড়ি থেকে ৩ কেজি সোনা, পলাতক তৃণমূল নেত্রী! পুলিশের জালে স্বামী সব্যসাচী
নদিয়ায় তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সদ্য গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় নেত্রী ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না এবং ঘটনার পর থেকেই তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তোলাবাজি ও আর্থিক লেনদেনের দায়ে ধৃত সব্যসাচী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এই বিপুল পরিমাণ সোনা টিনা ভৌমিকের কাছে গচ্ছিত ছিল। যদিও সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন। এদিকে, পরিবারের দাবি, কাজের কথা বলে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি, অন্যদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁদের দ্রুতগতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। আগামী বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতিকে তলব করেছে পুলিশ।