মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন, তামান্না খুনে গ্রেপ্তার আরও দুই!
নদিয়ার কালীগঞ্জের শিশু তামান্না হত্যাকাণ্ডে প্রশাসনিক তৎপরতায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে দুই পলাতককে গ্রেপ্তারের মাধ্যমে এই মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হলো। গত বছরের ২৩ জুন বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের একটি বিজয় মিছিল থেকে বোমাবাজির ঘটনায় তামান্নার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
নিহত শিশুর মা সাবিনা ইয়াসমিন মঙ্গলবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন জানান। এর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই ঘটনায় সরকার অপরাধীদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। দীর্ঘ এক বছর পর প্রশাসনের এই তৎপরতায় তামান্নার পরিবার ন্যায়বিচারের নতুন আশা দেখছে।