হাঁটার পাশাপাশি ওজন তোলার অভ্যাসই বাড়াতে পারে আপনার আয়ু!
দীর্ঘায়ু ও সুস্থ শরীরের জন্য সাধারণ হাঁটার পাশাপাশি শক্তি বর্ধক বা স্ট্রেন্থ ট্রেনিং অত্যাবশ্যক বলে উঠে এসেছে আমেরিকার সাম্প্রতিক এক গবেষণায়। দেড় লক্ষ স্বাস্থ্যকর্মীর ওপর টানা ৩০ বছর ধরে চালানো এই দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, সপ্তাহে নির্দিষ্ট সময় ওজন তোলার অভ্যাস অকালমৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমায়। গবেষকদের মতে, সপ্তাহে ৯০ থেকে ১২০ মিনিট স্ট্রেন্থ ট্রেনিং করলে অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ১৩ শতাংশ হ্রাস পায়। এর ফলে হৃদরোগে মৃত্যুর আশঙ্কা ১৯ শতাংশ এবং ডিমেনশিয়ার ঝুঁকি ২৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে এই ব্যায়াম সপ্তাহে দুই ঘণ্টার বেশি করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
সুস্বাস্থ্যের এই সুফল আরও ভালোভাবে পেতে স্ট্রেন্থ ট্রেনিংয়ের পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট অ্যারোবিক এক্সারসাইজ বা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এতে সার্বিক মৃত্যুর ঝুঁকি ২৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়া সম্ভব। চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, পেশি আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া ব্যায়ামের সময় নিঃসৃত ‘মাইওকাইন’ হরমোন শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। এই গবেষণা অনুযায়ী, সুস্থ জীবনের জন্য জিমে দীর্ঘ সময় কাটানোর চেয়ে বাড়িতে নিয়মিত হালকা ওজন তোলা ও হাঁটার অভ্যাসই সবচেয়ে কার্যকর।