অবশেষে ইছামতীর অবৈধ হোটেল গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ আদালতের!

পরিবেশ ও পুরসভার নিয়ম লঙ্ঘন করে টাকির ইছামতী নদীর চর দখল করে গড়ে ওঠা দুটি বিলাসবহুল হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে টাকি পুরসভাকে ‘টাকি সিটি’ ও ‘দিশা’ নামের এই দুটি বেআইনি নির্মাণ ভাঙার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানিতে আদালতকে এই নির্দেশ বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে হবে।

গত বছর দুই আইনজীবী চিন্ময় ঢালী ও তন্ময় বসুর করা এক জনস্বার্থ মামলায় উঠে আসে যে, প্রভাব খাটিয়ে রাজবাড়ি ঘাটের কাছে গেস্ট হাউস দুটি তৈরি করা হয়েছে, যা এলাকার পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। মামলার শুনানিতে টাকি পুরসভা জানায়, তারা ইতিমধ্যে ৫৭টি বেআইনি নির্মাণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তবে এতদিন কেন এই নির্মাণগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তা নিয়ে আদালত পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেছে। এই নির্দেশের ফলে ইছামতী নদী অবৈধ দখলের হাত থেকে রক্ষা পাবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *