উচ্ছেদের বলি টিকিয়াপাড়ার ১২০ পরিবার, পুনর্বাসন ছাড়াই বুলডোজার!

হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের অদূরে কাঠপোল বস্তিতে মঙ্গলবার সকালে বেআইনি দখলদারি মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পূর্ব রেল। বুলডোজার দিয়ে প্রায় ১২০টি ঝুপড়ি ঘর গুঁড়িয়ে দেওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় হাজার খানেক বাসিন্দা। উচ্ছেদ চলাকালীন স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেল কর্তৃপক্ষের দাবি, এটি পূর্বনির্ধারিত ও আইনি প্রক্রিয়া মেনেই করা হয়েছে। রেলের উন্নয়নমূলক কাজের স্বার্থে জায়গাটি খালি করা অপরিহার্য ছিল এবং এ বিষয়ে ১৯ জুন পর্যন্ত সময়সীমা দিয়ে বাসিন্দাদের আগেই নোটিস দেওয়া হয়েছিল।

পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় চরম দুর্দশার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মহরম পর্যন্ত সময় চাওয়ার আবেদন প্রশাসন গ্রাহ্য করেনি বলে অভিযোগ তাঁদের। সেই সঙ্গে বস্তিটিতে বসবাসকারী বাসিন্দাদের কাছ থেকে ‘লাল’ নামের এক ব্যক্তি প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাড়া আদায় করতেন এবং অনেকের আধার ও ভোটার কার্ডের মতো জরুরি নথিপত্র আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। উচ্ছেদের ফলে একদিকে যেমন অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, তেমনই সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ভাড়াচক্রের বিষয়টি সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *