সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম! নিশানায় ‘হরিশ চ্যাটার্জি স্ট্রিট’, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
পূর্বতন সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার চলতি অধিবেশনেই দুর্নীতিতে অভিযুক্তদের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত ও তা নিলামে তোলার জন্য একটি নতুন বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। তিনি বিজিবিএস-এর আর্থিক অনিয়ম এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘মেধাশ্রী’ ও ‘জয় জোহার’-এর মতো একাধিক সামাজিক প্রকল্পে ব্যাপক আর্থিক কারচুপির পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরেন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, যেহেতু মুখ্যমন্ত্রী কারও নাম করেননি, তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে শাস্তির পক্ষে সওয়াল করলেও সাধারণ কর্মীদের হয়রানি না করার আর্জি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিল বিধানসভায় পাস হলে তা দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের হাতে একটি শক্তিশালী আইনি অস্ত্র হয়ে উঠবে।