ফোর্ট উইলিয়ামের গেটে ভুয়ো সিআরপিএফ জওয়ান গ্রেপ্তার!

কলকাতার অত্যন্ত সংবেদনশীল এলাকা ফোর্ট উইলিয়ামের সামনে সিআরপিএফ (CRPF)-এর পোশাক পরিহিত অবস্থায় আকাশ সোনার (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে ফোর্ট উইলিয়ামের গেটের সামনে একটি কালো গাড়িতে ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মী আটক করেন। পরে ফোর্ট উইলিয়ামের ভেতরে সেনাবাহিনীর কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় ভুয়ো নিশ্চিত হলে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তদন্তে জানা গেছে, উত্তর ২৪ পরগনার টিটাগড় এলাকার বাসিন্দা আকাশ সোনার মূলত পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি বেসরকারি লজিস্টিক সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে নিজেকে সিআরপিএফ জওয়ান হিসেবে পরিচয় দিয়ে তিনি প্রভাব খাটাতেন বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন থেকে জওয়ানের পোশাক পরিহিত একাধিক ছবি উদ্ধার হয়েছে, যা তিনি ভুয়ো পরিচয় প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতেন। এই ঘটনার পর ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সুয়ো মোটো মামলা রুজু করে ঘটনার মূল উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *