দুর্নীতি দমনে নয়া আইন, বিরোধীর নিশানায় এবার অভিষেকের প্রাসাদ!
রাজ্যের বিগত তৃণমূল কংগ্রেস আমলের দুর্নীতি ও মাফিয়ারাজের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় নিজের প্রথম জবাবি ভাষণে তিনি জানান, দুর্নীতির মাধ্যমে অর্জিত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার জন্য চলতি অধিবেশনের শেষ দিনেই স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি কড়া বিল আনা হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আইনি প্রক্রিয়ায় জামিন পেলেও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা কোনোভাবেই পার পাবে না, বরং তাদের সব অবৈধ সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে।
এই পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি হরিশ মুখার্জি ও হরিশ চ্যাটার্জি রোডের বিলাসবহুল ভবনগুলোর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, দুর্নীতিগ্রস্তদের বাজেয়াপ্ত করা এসব প্রাসাদগুলোতে কলকাতার ফ্লাইওভারের নিচে বসবাসকারী গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিশানায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবিত এই বিল আইনে পরিণত হলে রাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পত্তি হাতছাড়া হওয়ার পাশাপাশি রাজ্য রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।