সরকারি জমি দেওয়ার টোপে লক্ষাধিক টাকার প্রতারণা, মালদায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রীর ভাই!
June 23, 2026
মালদহের হরিশ্চন্দ্রপুরে সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতা সামিউর রহমান ওরফে জম্মুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি প্রাক্তন মন্ত্রী তজমুল হোসেনের ভাই। স্থানীয় মালিওর এলাকার বাসিন্দা একরামুল হকের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে ওই তৃণমূল নেতা দুই কিস্তিতে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও জমি বা টাকা না পাওয়ায় একরামুল হক টাকা ফেরত চাইলে, সামিউর রহমান তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।