ভবানীপুর ভোট-মামলায় বড় নির্দেশ হাইকোর্টের, মোছা যাবে না সিসিটিভি ফুটেজ ও ইভিএম!
কলকাতা হাইকোর্ট এক নির্দেশনায় জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী তথ্য, সিসিটিভি ফুটেজ, ভিভিপ্যাট (VVPAT) এবং ইভিএম (EVM) নষ্ট বা মুছে ফেলা যাবে না। ভবানীপুর কেন্দ্রে ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত এই নির্দেশ দিয়েছেন। আদালত মামলার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে পরাজিত হওয়ার পর গত ১৬ জুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে অভিযোগ করেন যে, গণনার প্রথম ১২ রাউন্ড পর্যন্ত ফলাফল ঠিক থাকলেও ১৩ নম্বর রাউন্ড থেকে কারচুপি শুরু হয়। তাঁর আরও দাবি, তৃণমূলের কাউন্টিং এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী তাতে সহায়তা করেছিল। মমতা শিবিরের দাবি, গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজে এই অনিয়মের প্রমাণ রয়েছে।