পুরোনো ফোন বিক্রি করতে গিয়েও কেন থমকে যাচ্ছেন ভারতীয়রা!
পুরোনো স্মার্টফোন বিক্রি বা এক্সচেঞ্জের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন ৭০ শতাংশ ভারতীয়। পুনর্ব্যবহৃত ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম ‘ক্যাসিফাই’-এর ৮ হাজার মানুষের ওপর চালানো একটি সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, স্মার্টফোনে থাকা ব্যাঙ্কিং তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত নথির নিরাপত্তা নিয়ে ভীতির কারণেই অনেকে পুরোনো ফোন বিক্রি করতে গিয়েও পিছিয়ে আসছেন। প্রায় তিন-চতুর্থাংশ মানুষের আশঙ্কা, ফোন বিক্রির পর তাঁদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে।
সমীক্ষায় দেখা গেছে, ৮৩ শতাংশ মানুষ বিক্রির আগে ফোন ‘ফ্যাক্টরি রিসেট’ করলেও, ৪১ শতাংশই জানেন যে এতে সব তথ্য স্থায়ীভাবে মুছে যায় না। এমনকি প্রতি তিনজনের মধ্যে একজন অতীতে ফোন থেকে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করতে পেরেছেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ৪৫ শতাংশ গ্রাহক ফোন বিক্রির ক্ষেত্রে দামের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গ্রাহকদের আস্থার জায়গা তৈরিতে ৬৯ শতাংশ মানুষ সার্টিফায়েড ডেটা ডিলিশন বা তথ্য সম্পূর্ণ মুছে ফেলার শংসাপত্রের দাবি জানিয়েছেন। এছাড়া ৮৭.২ শতাংশ অংশগ্রহণকারী পুরোনো স্মার্টফোন পুনর্বিক্রির ক্ষেত্রে ডেটা সুরক্ষা নিয়ে কঠোর আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন।