মহিলা কামরায় উঠলেই আড়াই হাজার টাকা জরিমানা, ১ জুলাই থেকে বদলে যাচ্ছে রেলের নিয়ম!
দেশজুড়ে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে আগামী ১ জুলাই থেকে ভারতীয় রেলে কার্যকর হতে চলেছে ‘জন বিশ্বাস সংশোধনী আইন, ২০২৬’। এই নতুন আইনের অধীনে ট্রেনের নিয়ম লঙ্ঘনকারীদের জন্য জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-কে স্পট ফাইন করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো যাত্রী জরিমানা দিতে অস্বীকার করলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনের ভেতর দাহ্য বা বিস্ফোরক পদার্থ বহন করলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া মহিলা কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশের জন্য ২,৫০০ টাকা, দিব্যাঙ্গদের কামরায় সাধারণ যাত্রীদের প্রবেশের জন্য ২,০০০ টাকা, এবং ট্রেনে বা স্টেশনে ধূমপান কিংবা অবৈধ হকারির জন্য ২,০০০ টাকা স্পট ফাইন ধার্য করা হয়েছে। পাশাপাশি টিকিট ছাড়া সংরক্ষিত কামরায় প্রবেশ করলে ২,০০০ টাকা, বিনা টিকিটে ভ্রমণের জন্য ৫০০ টাকা এবং রেলকর্মীদের কাজে বাধা দিলে ১,০০০ থেকে ২,০০০ টাকা জরিমানা গুনতে হবে। এছাড়াও সিগন্যাল ভাঙা বা বিনা অনুমতিতে রেললাইনে প্রবেশের অপরাধে ৫০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।