লাঞ্চে ১ মিনিট দেরি হলেই বিনা বেতনে ওভারটাইম! সংস্থার ফতোয়ায় নেটদুনিয়ায় তোলপাড়।
কর্মক্ষেত্রে দুপুরের খাবারের বিরতি নিয়ে ভারতের একটি সংস্থা জারি করেছে কঠোর ও বিতর্কিত এক নির্দেশনা। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীদের দুপুরের খাবার শেষ করার জন্য ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের চেয়ে মাত্র এক মিনিট বেশি সময় লাগলে শাস্তিস্বরূপ সংশ্লিষ্ট কর্মীকে কোনো পারিশ্রমিক ছাড়াই অতিরিক্ত এক ঘণ্টা অফিসে অবস্থান করতে হবে। অর্থাৎ, সাধারণ ছুটির সময় সন্ধ্যা ৬টা হলেও খাবার বিরতিতে অতিরিক্ত এক মিনিট ব্যয়ের কারণে ওই কর্মীকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হবে।
এই বিজ্ঞপ্তির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ওয়াকিবহাল মহল ও সাধারণ ব্যবহারকারীরা মনে করছেন, শৃঙ্খলার নামে এটি কর্মীদের ওপর এক ধরনের অহেতুক নজরদারি। এ ধরনের কঠোর ও অযৌক্তিক বিধিনিষেধ কর্মক্ষেত্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। আধুনিক কর্মসংস্কৃতিতে এটি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের পরিপন্থী বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকে।