১ লক্ষ চাকরির ঘোষণা, বিরোধীদের মুখে কুলুপ এঁটে কল্পতরু মুখ্যমন্ত্রী!

বিধানসভায় ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ: এক লক্ষ নিয়োগের ঘোষণা

কলকাতা: রাজ্য বিধানসভায় নতুন সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে সরকারি কর্মচারী, মহিলা এবং বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কর্মসংস্থানকে মূল লক্ষ্য রেখে এই বাজেটে ‘ত্রিশক্তি’ মডেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি বছরেই সরকারি ক্ষেত্রে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৫০ শতাংশ নিয়োগ হবে শিক্ষাক্ষেত্রে। এছাড়া অবশিষ্ট পদে পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল ও বনকর্মী নিয়োগ করা হবে। ওবিসি জটে আটকে থাকা ১৬,০০০ কনস্টেবল পুজোর আগেই কাজে যোগ দেবেন এবং ভবিষ্যতে দুর্নীতি রুখতে ইউপিএসসি-র আদলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের পাশাপাশি প্যারাটিচার ও আশাকর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। শিক্ষা ও শিল্প পরিকাঠামোর প্রসারে উত্তরবঙ্গে আইআইটি (IIT) এবং এইমস (AIIMS) তৈরির রূপরেখা রাখা হয়েছে। এছাড়া শিক্ষিত বেকার যুবকদের স্বনির্ভর ব্যবসায় কেন্দ্রীয় প্রকল্পের আদলে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে নতুন সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত প্রতিটি অঞ্চলের উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট তৈরি হয়েছে এবং প্রয়োজনে ২০২৭ সালের ফেব্রুয়ারির পরবর্তী বাজেটে অবশিষ্ট বিষয়গুলির সামঞ্জস্য বিধান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *