শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি, স্মৃতি সংরক্ষণে ২০০ কোটির মেগা প্রকল্প!
রাজ্যে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ও ইতিহাসকে তুলে ধরতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার পেশ করা রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, আগামী ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যে পূর্ণ দিবস সরকারি ছুটি থাকবে। একই সঙ্গে তাঁর স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানাতে বাজেটে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে।
এই বরাদ্দের মাধ্যমে হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি সংস্কার করা হবে এবং কলকাতায় তাঁর স্মৃতিতে ১২৫ ফুট উচ্চতার একটি সৌধ নির্মাণ করা হবে, যার ভূমিপুজো হবে ৬ জুলাই। পাশাপাশি একটি আধুনিক গ্রন্থাগার ও পার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। এসবের পাশাপাশি ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও ইতিহাসকে তুলে ধরা।