রাস্তায় থুতু ফেললেই গুনতে হবে জরিমানা, পরিচ্ছন্ন বাংলা গড়তে কড়া পদক্ষেপ রাজ্যের!
রাজ্যকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে যত্রতত্র ময়লা বা থুতু ফেলার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা থাকলেও, নাগরিকদের অভ্যাস পরিবর্তনের সুবিধার্থে প্রথম তিন মাস বিশেষ সচেতনতামূলক প্রচার চালানো হবে।
নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা এবং প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা আদায়ের প্রক্রিয়া দ্রুত ও ঝামেলামুক্ত করতে নির্দিষ্ট মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক বিল প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, শহর সংক্রান্ত যেকোনো অভিযোগ বা সমস্যা জানাতে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে, যেখানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ মানুষ জল জমা, ডেঙ্গি বা বেআইনি নির্মাণের মতো বিষয়ে তথ্য জানাতে পারবেন।