হিজাবে ছাড়, হিন্দু হলে কণ্ঠে বাধা! নিট পরীক্ষায় নজিরবিহীন বিতর্ক ও বিক্ষোভের জেরে আটক ২
আহমেদাবাদে নিট পরীক্ষা ঘিরে ‘কণ্ঠী-হিজাব’ বিতর্ক, বিক্ষোভ ও পুলিশের হস্তক্ষেপ
প্রশ্নফাঁস বিতর্কের পর কড়া নিরাপত্তায় দেশজুড়ে ফের অনুষ্ঠিত হলো নিট (Re-NEET UG) পরীক্ষা। তবে এবার কোনো প্রশ্নফাঁসের অভিযোগ না উঠলেও, গুজরাটের আহমেদাবাদের আর জে তিব্রেওয়াল পরীক্ষাকেন্দ্রে ‘কণ্ঠী-হিজাব’ বিতর্ককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রে নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকজন হিন্দু পরীক্ষার্থীকে তাদের হাতের ‘পবিত্র সুতো’ ও গলার ‘কণ্ঠী’ খুলতে বাধ্য করা হয়েছে। অথচ একই সময় মুসলিম ছাত্রীদের হিজাব পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি অভিভাবকদের।
এই বৈষম্যমূলক আচরণের অভিযোগে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবক ও স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা প্রবল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দ্রুত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং বিক্ষোভের জেরে দুজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত ১৯ জুন স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল যে, হিজাব, পাগড়ি, পবিত্র সুতো বা কণ্ঠীর মতো ধর্মীয় পোশাক বা প্রতীক পরে পরীক্ষায় বসা যাবে, তবে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাতে হবে। এনটিএ-র এই নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন পরীক্ষার্থীদের হেনস্তার মুখে পড়তে হলো, তা নিয়ে এখন জাতীয় স্তরে শুরু হয়েছে জোর চর্চা।