টাকা নিয়ে চরম বিবাদ, হাওড়ায় ফ্ল্যাটের সামনেই মহিলাকে নৃশংসভাবে খুন!
হাওড়ার চ্যাটার্জি হাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটের নিচে ভারতী হাজরা নামে এক মহিলাকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজদীপ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ভারতী হাজরার পরিবার রাজদীপের কাছ থেকে সুদে প্রায় ৫০ হাজার টাকা ধার নিয়েছিল। অভিযুক্তের মা বর্তমানে ক্যান্সার আক্রান্ত হওয়ায় চিকিৎসার খরচের জন্য তিনি ক্রমাগত ওই টাকা ফেরত চাইছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। রবিবার রাতে ফ্ল্যাটের নিচে পুনরায় টাকা ফেরত চাওয়া নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় রাজদীপ ছুরি বের করে ভারতী হাজরাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে চ্যাটার্জি হাট থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।