চাকরির নামে ৮ লক্ষ টাকা লোপাট, বাড়ি ভাঙচুর! ফেঁসে গেলেন তৃণমূল বিধায়কের ভাই ও কাউন্সিলার

বালুরঘাট: বন দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও বেআইনিভাবে বাড়িঘর ভাঙচুরের পৃথক দুটি ঘটনায় দক্ষিণ দিনাজপুরের দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছে। অভিযুক্তরা হলেন কুমারগঞ্জের বিধায়কের ভাই মোসারফ হোসেন এবং বালুরঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিপ্লব খাঁ। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে উভয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাই মোসারফ হোসেনের বিরুদ্ধে বন দপ্তরে গ্রুপ-ডি পদে চাকরির টোপ দিয়ে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সাইফুর মণ্ডল নামে এক যুবকের অভিযোগ, ২০২৩ সালে চাষের জমি বিক্রি করে তিনি এই টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অন্যদিকে, বালুরঘাট পুরসভার কাউন্সিলার বিপ্লব খাঁ-র বিরুদ্ধে তপন থানায় বাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন যোগেশ্বর বর্মন নামে এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও পুলিশের উপস্থিতিতে বিপ্লব খাঁ তার বসতবাড়ি ও গুদাম ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে বিপ্লব খাঁ-র দাবি, তিনি ব্যক্তিগতভাবে কিছু করেননি, যা হয়েছে তা ব্যাঙ্কের আইনি নিয়ম মেনেই হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *