প্রেমের চরম শাস্তি! সম্মান বাঁচাতে দুই মেয়েকে চম্বলে ভাসিয়ে দিলেন বাবা?
রাজস্থানের ঢোলপুর জেলার ফারকপুরা গ্রামে পরিবারের সম্মান রক্ষার নামে দুই নাবালিকাকে জীবন্ত অবস্থায় চম্বল নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় দুই নাবালিকার বাবা ভরত লোধা ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ। বর্তমানে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে ওই দুই কিশোরীর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই কিশোরী স্থানীয় দুই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল, যা তাদের পরিবার মেনে নেয়নি। সম্পর্কের জেরে পরিবারের পক্ষ থেকে ওই কিশোরীদের ওপর অতীতে শারীরিক নির্যাতনও করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর প্রথমে পরিবারের দাবি ছিল, মেয়েরা দুর্ঘটনাবশত নদীতে পড়ে গিয়েছে। তবে গ্রামবাসী ও আত্মীয়দের সন্দেহের জেরে পুলিশি তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বর্তমানে আটক বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।