পাহাড়ে রাজনীতির মোড় ঘুরিয়ে পদত্যাগ অনীত থাপাসহ ১২ নেতার!
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) থেকে চিফ এগজিকিউটিভ অনীত থাপার পদত্যাগের ৪৮ ঘণ্টার মধ্যেই জিটিএ-র আরও ১২ জন সভাসদ পদত্যাগ করেছেন। বুধবার অনীত থাপার ইস্তফার পর শুক্রবার কার্শিয়াঙে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের চলাকালীন এই গণ-ইস্তফার ঘটনা ঘটে। পদত্যাগকারীদের মধ্যে জিটিএ-র ডেপুটি চিফ এগজিকিউটিভ সঞ্চবির সুব্বা এবং কার্সিয়াং পঞ্চায়েত সমিতির সভাপতি অনু ছেত্রীও রয়েছেন। পাহাড়ের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে এই রদবদলকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
অনীত থাপার দাবি, পাহাড়ের মানুষ বিজেপিকে বিপুল জনাদেশ দিয়ে সমস্যার স্থায়ী ও রাজনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছে, যা জিটিএ-র মাধ্যমে সম্ভবপর হচ্ছিল না। দলত্যাগ করা সভাসদদের মতে, রাজ্যের নতুন সরকারের ওপর পাহাড়ের মানুষের আস্থা রয়েছে এবং তারাই এই সমস্যার সমাধান করতে পারবে। ২০২২ সালের জিটিএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া অনীত থাপার দল এবং তাঁর অনুগামীদের এই পদক্ষেপের মাধ্যমে পাহাড়ের রাজনৈতিক সমাধানের দায়ভার নতুন রাজ্য সরকারের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।