তামিলনাড়ুর কারখানায় বিষাক্ত গ্যাসের হানা, মৃত অন্তত ২!
তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ম এলাকায় একটি বেসরকারি সি-ফুড প্রক্রিয়াকরণ কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে অন্তত দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারখানার বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ঘটা এই দুর্ঘটনার জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত কারখানা থেকে হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ার মাধ্যমে, যা দ্রুত কারখানার ভেতরে ও পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। গ্যাস লিকের ফলে শ্রমিকদের চোখের তীব্র জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হয় এবং অনেকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। বর্তমানে আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন, যাদের আগামী তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।