পশ্চিমবঙ্গ দিবসে মোদির উপহার, রসগোল্লার সাথে এল তিন শক্তিশালী যুদ্ধজাহাজ!
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার বিকেলে হুগলির তারকেশ্বরে আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আরএন রবি। ঐতিহ্যবাহী রসগোল্লা, জলভরা সন্দেশ, তারকেশ্বরের শিবলিঙ্গ ও ডোকরার দুর্গামূর্তি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, তৃণমূল সরকারের আমলের অনীহা কাটিয়ে এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালিত হচ্ছে। এছাড়া হুগলির জিরাটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি সংস্কার, স্মৃতিসৌধ ও লাইব্রেরি নির্মাণ এবং আগামী ৬ জুলাই তাঁর মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজোর ঘোষণা করা হয়।
কলকাতায় রাত্রিযাপনের পর রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোরদার করতে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর তৈরি তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—‘ডুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’ নৌবাহিনীর হাতে তুলে দেবেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজগুলি সমুদ্র যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি-সাবমেরিন প্রতিরক্ষায় সক্ষম, যা দেশের কৌশলগত সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।