সাবধান! দেশজুড়ে ১৬টি ওষুধের উৎপাদন ও বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা
মানুষের শরীরে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও বৈজ্ঞানিক যৌক্তিকতার অভাব বিবেচনায় দেশের বাজারে বহুল প্রচলিত ১৬টি ফিক্সড-ডোজ কম্বিনেশন (FDC) বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি, বণ্টন ও সরবরাহের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের (DTAB) বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকার ভিত্তিতে জনস্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো, বাজারে শুধুমাত্র চিকিৎসাগতভাবে কার্যকর ও প্রমাণিত ওষুধ নিশ্চিত করা।
ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ২৬এ ধারার অধীনে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, পেটের ব্যথার ওষুধ এবং চর্মরোগের সামগ্রী। এর মধ্যে ডাইসাইক্লোমিন, প্যারাসিটামল ও ক্লিডিনিয়াম ব্রোমাইডের মিশ্রণের পাশাপাশি অ্যালোভেরা, ভিটামিন ই, জোজোবা অয়েল ও টি ট্রি অয়েল যুক্ত স্কিনকেয়ার সামগ্রীও রয়েছে। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করতে সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওষুধ প্রস্তুতকারক, আমদানিকারক ও পরিবেশকদের দ্রুত বাজার থেকে নিষিদ্ধ এই ওষুধগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।