প্রথম বর্ষাতেই তিলোত্তমায় হাহাকার, এক নিমেষে জলে ডুবল শহর!
টানা ভ্যাপসা গরমের পর বর্ষার প্রথম ভারী বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে ২৯ ডিগ্রিতে নেমে এলেও জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শুক্রবারের এই প্রবল বর্ষণে শহরের উত্তর থেকে দক্ষিণ—সর্বত্রই রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় তীব্র যানজট ও স্থবিরতা তৈরি হয়। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, আরজি কর মেডিক্যাল হাসপাতালের একাংশে জল ঢুকে যাওয়ায় রোগীদের স্ট্রেচার ঠেলে জল পেরিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া ভবানীপুরের নর্দার্ন পার্ক, আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, সল্টলেকের করুণাময়ী, সিজিও কমপ্লেক্স, ভিআইপি রোড ও রাসবিহারী অ্যাভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরে ৫১, দমদমে ৬৪ এবং উলুবেড়িয়ায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পই এই বৃষ্টির কারণ। তবে বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজকেই জল জমার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরসভা নর্দার্ন পার্ক ও আমহার্স্ট স্ট্রিটে চলমান নিকাশি প্রকল্পের কাজ এবং বিধাননগর পুরনিগম মেট্রো প্রকল্পের কারণে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা ৪০টিরও বেশি সাকশন পাম্প ব্যবহার করে জল সরানোর কাজ করছে, তবে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় দুর্ভোগ অব্যহত থাকার আশঙ্কা রয়েছে।