ইউসুফ পাঠানের জমি নিয়ে তোলপাড়, পুরসভার কড়া পদক্ষেপ!
ভাদোদরার তান্ডালজা এলাকায় অবস্থিত জমি জবরদখলের মামলায় আইনি ও রাজনৈতিক সংকটে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি) কর্তৃপক্ষ তাঁর দখলে থাকা ৯৭৮ বর্গমিটার আয়তনের ওই বিতর্কিত জমির বাজারমূল্য প্রতি বর্গমিটার ২.১০ লক্ষ টাকা হিসেবে নির্ধারণ করেছে। সরকারি নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসন ও পুরসভার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি এই মূল্যায়ন করেছে, যা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ভিএমসি-র সাধারণ সভায় অনুমোদনের পর চূড়ান্ত রূপ পাবে।
২০১২ সালে ভিএমসি-র একটি প্রস্তাবের ভিত্তিতে জমিটির দখল নিলেও রাজ্য সরকার পরবর্তীকালে তা হস্তান্তরের আবেদন প্রত্যাখ্যান করে। সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও গত ১৪ বছর ধরে ইউসুফ পাঠান জমিটি নিজের দখলে রেখে ব্যবহার করে আসছেন। এ বিষয়ে দায়ের করা মামলায় গুজরাট হাইকোর্টের একক ও ডিভিশন বেঞ্চ উভয়ক্ষেত্রেই তিনি আইনি স্বস্তি পাননি। বর্তমানে এই জমি বিতর্কের পাশাপাশি এনসিপিআই-তে যোগদানের বিষয় নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাঁর এই ভূমিকার কঠোর সমালোচনা করছেন।