মাথা ব্যাথায় মুড়ি-মুড়কির মতো ওষুধ? সাবধান, সুস্থ থাকতে কার্যকর পরামর্শ জানুন!
দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও মানসিক চাপের কারণে মাথা ব্যথার সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই যত্রতত্র ওষুধ সেবনের প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ওষুধের ওপর নির্ভরশীলতা বা চটকদার বিজ্ঞাপনী ওষুধের নির্বিচারে ব্যবহার শরীরের জন্য মারাত্মক দীর্ঘমেয়াদি ক্ষতি ও পার্শ্বপ্রতিক্রিয়া ডেকে আনতে পারে। যেকোনো ধরনের ওষুধ সেবনের আগে মাথা ব্যথার সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মাথা ব্যথার প্রাথমিক লক্ষণে ওষুধ না খেয়ে পরিবেশগত কারণগুলো এড়িয়ে চলার ওপর জোর দেওয়া হয়েছে। তীব্র রোদে বা দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে ব্যথা শুরু হলে দ্রুত সেই পরিস্থিতি থেকে সরে এসে শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে বিশ্রাম নিলে ওষুধ ছাড়াই স্বস্তি পাওয়া সম্ভব। তবে অসহনীয় যন্ত্রণার ক্ষেত্রে কেবল প্যারাসিটামল জাতীয় ওষুধকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। যদি ওষুধ সেবনের পরও ব্যথা না কমে, যন্ত্রণার তীব্রতা বেশি হয় কিংবা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।