দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা, কলকাতা সহ একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস!

দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব জোরালো হওয়ায় আগামী কয়েক দিন কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ জুন দুপুর থেকে ২০ জুন সকাল পর্যন্ত কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী সাত দিন মাঝারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে হাওড়া ও হুগলি জেলার জন্য। এই দুই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিচু এলাকায় জল জমা ও যানজটের আশঙ্কা থাকছে। আবহাওয়া বিভাগ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার এবং একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *