যোগ দিবসেই মোদীর ডাবল ধামাকা, ভারত পেল কোটি টাকার উপহার!
দুদিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনীতি ও পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে রাজ্যের কৃষি, গ্রামীণ পরিকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্য নেওয়া হয়েছে।
আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ‘পিএম-কিষাণ’ প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ সরাসরি রাজ্যের প্রায় ৪৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, অ্যাগ্রিস্ট্যাক এবং প্রাকৃতিক চাষের জাতীয় মিশনের মতো প্রকল্পগুলির সূচনা করবেন। এছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দর, বীরভূমে আধুনিক মাছ বাজারসহ ৫৯০ কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
সফরের দ্বিতীয় দিন, ২১ জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি তিনটি নতুন যুদ্ধজাহাজ নৌবাহিনীর অন্তর্ভুক্ত করবেন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস দুনগিরি’ ও ‘আইএনএস সংশোধক’। এই পদক্ষেপগুলো ভারতের সামুদ্রিক সুরক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।