জঙ্গি গোষ্ঠীর নতুন ডার্ক ওয়েব টেলিগ্রাম, আদালতে চাঞ্চল্যকর তথ্য!
দেশের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে ‘নতুন ডার্ক ওয়েব’ হিসেবে চিহ্নিত করে দিল্লি হাইকোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্ল্যাটফর্মটিতে অতিরিক্ত গোপনীয়তা ও এনক্রিপশনের সুযোগ নিয়ে সাইবার অপরাধী, জঙ্গি গোষ্ঠীসহ বিভিন্ন অসাধু চক্র নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সরকার অভিযোগ তুলেছে। টেলিগ্রামের বেশ কিছু চ্যানেল ও কনটেন্টের বিরুদ্ধে নেওয়া সরকারি পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে কেন্দ্র এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।
সরকারের দাবি, টেলিগ্রামের ক্লাউড-ভিত্তিক কাঠামো ও প্রাইভেসি নীতির কারণে কোনো অ্যাকাউন্ট মুছে ফেললে তার সমস্ত তথ্যও মুছে যায়, যা তদন্তকারী সংস্থাগুলোর জন্য অপরাধীদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিশু পর্নোগ্রাফি, মাদক পাচার, আর্থিক জালিয়াতি ও ‘মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ কেনাবেচার মতো অপরাধ বাড়ছে। এছাড়া, ক্ষতিকর বট এবং ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি এবং কপিরাইটযুক্ত কনটেন্ট পাইরেসির মাধ্যমেও বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।