৫৩৪ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ! আইনি লড়াইয়ের মুখে তৃণমূল?
ভোট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল কংগ্রেসের ৫৩৪ কোটি টাকার মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন দলের কোষাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। দলীয় প্রতীকের নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই এই বৃহৎ তহবিল নিজেদের দখলে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্যাংক বিশেষজ্ঞদের মতে, অরূপ বিশ্বাসের একক আবেদনের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা আইনত জটিল। কারণ হিসেবে একাধিক স্বাক্ষরকারীর থাকার সম্ভাবনা এবং আইনি জটিলতাকে দেখা হচ্ছে।
এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিরোধী গোষ্ঠী—যার নেতৃত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা—বিধায়কদের সই সংগ্রহ করে পুলিশের মাধ্যমে অ্যাকাউন্টটি বন্ধ করানোর পাল্টা কৌশল নিয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অরূপ বিশ্বাস এই তহবিল অন্য একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে স্থানান্তরের পরিকল্পনা করেছিলেন, যা ফাঁস হয়ে যাওয়ায় ঋতব্রত শিবিরের বিরোধিতার মুখে পড়ে। বর্তমানে ৫৩৪ কোটি টাকার এই তহবিলের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক সংকটই তৃণমূলের ভবিষ্যৎ অস্তিত্বের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।