ভোরের আঁধারে মৃত্যুফাঁদ, ভাদোদরায় ভয়াবহ পথদুর্ঘটনায় নিহত ৬!

বুধবার ভোরে গুজরাটের ভাদোদরায় কোটাম্বি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশুও রয়েছে। রাজস্থানের বাঁশওয়ারা থেকে সুরাটগামী বালাজি ট্রাভেলসের বাসটিতে থাকা প্রায় ৩০ জন যাত্রী এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যাওয়ায় যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করেন। আহতদের দ্রুত ভাদোদরার এসএসজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মালবাহী ট্রাকের মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ায় হাইওয়েতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে, যা পরে প্রশাসনের সহায়তায় ক্রেন দিয়ে গাড়ি দুটি সরিয়ে স্বাভাবিক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *