ভিডিও ফাঁস করে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ, শ্রীঘরে লম্পট যুবক!
দুর্গাপুরের অন্ডালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোহিত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মধুসূদনপুর কোলিয়ারি এলাকার বাসিন্দা ওই অভিযুক্তকে বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, দুই পরিবারের সম্মতিতেই নাবালিকার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এবং মেয়েটি সাবালিকা হলে তাদের বিয়ের সিদ্ধান্ত ছিল। অভিযোগ, এই সুযোগ নিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে নাবালিকা শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ও তার পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তকে আটক করে। বর্তমানে পুলিশ ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এল এবং এর পেছনে কোনো উদ্দেশ্যমূলক চক্রান্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে।