ফলতা কাণ্ড: জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর!
দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানায় হামলার ঘটনায় কড়া অবস্থান নিল প্রশাসন। মঙ্গলবার ধৃত জাহাঙ্গির খানকে মুক্ত করার দাবিতে থানায় হামলা ও কর্তব্যরত পুলিশ ও আধাসেনার ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফলতায় পৌঁছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, হামলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষত, হামলার নেতৃত্ব দেওয়া জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের বর্তমান লক্ষ্য।