টেলিগ্রাম ব্যান নিয়ে বিস্ফোরক দাবি, নেপথ্যে কি মেটা ও রিলায়েন্সের ষড়যন্ত্র!
নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ও প্রতারণার গুজব রুখতে ভারতে টেলিগ্রাম অ্যাপের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে গুগল ও অ্যাপলকে ২২ জুন পর্যন্ত তাদের স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এনটিএ-এর তথ্য অনুযায়ী, বেশ কিছু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে জাল প্রশ্নপত্র বিক্রির প্রলোভন ও মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে টেলিগ্রাম কর্তৃপক্ষ ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।
এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দাবি করেছেন যে, এই পদক্ষেপের পেছনে মেটা ও রিলায়েন্সের যোগসাজশ রয়েছে। তাঁর অভিযোগ, রিলায়েন্স ইচ্ছাকৃতভাবে ‘বিজিপি হাইজ্যাকিং’-এর মাধ্যমে টেলিগ্রামের পরিষেবা ব্যাহত করছে। তবে ভারতের টেলিকম খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষ্যমতে, টেলিগ্রাম সিইও রিলায়েন্সের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও সাব-সি কেবল পরিচালনাকারী সংস্থার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং ব্যবসায়িক চক্রান্তের অভিযোগটি বাস্তবসম্মত নয়।