গোলপার্ক অশান্তি কাণ্ড: পুলিশের জালে সোনা পাপ্পু, বড় চাপে অনুগামীরা!
দক্ষিণ কলকাতার গোলপার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও অশান্তির ঘটনায় কসবার বিতর্কিত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হওয়ার পর জেল হেফাজতে থাকা পাপ্পুকে আলিপুর আদালতের নির্দেশে আগামী ২০ জুন পর্যন্ত রবীন্দ্র সরোবর থানার পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে। ১ ফেব্রুয়ারি গোলপার্কের কাঁকুলিয়া রোডে হওয়া সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক এফআইআর-এর প্রেক্ষিতে এই পুলিশি হেফাজত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনা পাপ্পুর লোকজনই ওই এলাকায় গোলমাল পাকিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়েছিল। দীর্ঘ সময় পলাতক থাকার পর গত ১৮ মে সস্ত্রীক ইডি দফতরে হাজিরা দিলে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। জমি দখল, তোলাবাজি ও অস্ত্র আইনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিপূর্বে জয় কামদার ও প্রাক্তন ডিসি শান্তনু সিংহ গ্রেফতার হয়েছেন। পুলিশের দাবি, পাপ্পুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দক্ষিণ কলকাতায় সক্রিয় জমি মাফিয়া ও তোলাবাজি চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড এবং প্রভাবশালী যোগসূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।