শওকতের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক এনআইএ, জেলে কি বড় কোনো বিপদ অপেক্ষা করছে?

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাসহ তিনজনের বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঘটনার ৮৭ দিন পর মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। বিস্ফোরক আইনের ধারায় দায়ের করা এই মামলায় শওকত মোল্লা ছাড়াও আহিদুল ইসলাম মোল্লা ও রহমত আলি মোল্লার নাম রয়েছে। এদিকে, তদন্তকারী সংস্থা শওকত মোল্লাকে ‘অত্যন্ত প্রভাবশালী’ অ্যাখ্যা দিয়ে তাঁকে প্রেসিডেন্সি ছাড়া অন্য কোনো সংশোধনাগারে স্থানান্তরের আবেদন জানিয়েছে। এনআইএ-র দাবি, ধৃত অন্য অভিযুক্তরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং শওকত মোল্লা তদন্তে সহযোগিতা করছেন না।

তদন্তকারী সংস্থার অভিযোগ, গত মার্চ মাসে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে নির্বাচনের আগে এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনামাফিক বোমা বাঁধার কাজ চলছিল। এনআইএ-এর দাবি, তৎকালীন বিধায়ক শওকত মোল্লার ভয়ে স্থানীয় বাসিন্দারা থানায় মুখ খোলার সাহস পাননি এবং গ্রেপ্তারের সময় তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে আদালতে এই অভিযোগের পাল্টা সওয়াল করেছেন শওকতের আইনজীবী। তিনি এনআইএ-এর দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে প্রশ্ন তোলেন, কেন এফআইআর-এ প্রথম দিকে তাঁর নাম ছিল না এবং কোনো সংশোধনাগারে আসামিকে রাখা হবে তা নিয়ে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপের যৌক্তিকতা কতটুকু। মঙ্গলবার আদালতে শওকত মোল্লাকে আনার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে এবং উভয় পক্ষের বাদানুবাদের জেরে শুনানি মুলতবি হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *