রাজারহাটের ফলে কারচুপি! মাত্র ৫ ভোট পেয়ে হাইকোর্টে ছুটলেন তাপস?
রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ভোটগণনায় অস্বাভাবিকতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন। আবেদনে তিনি ভোট পুনর্গণনা, গণনাবক্রিয়া খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট নির্বাচনী রেকর্ড সংরক্ষণের আর্জি জানিয়েছেন। সংখ্যালঘু অধ্যুষিত একটি নির্দিষ্ট বুথের ফলাফল রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করেছেন তিনি।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, ১৬৪ নম্বর বুথের ফলাফলে ব্যাপক অসংগতি রয়েছে। ওই বুথে মোট ৬৫৬টি ভোটের মধ্যে ৬৩৭টি ভোট বিজেপির পক্ষে এবং মাত্র ৫টি ভোট তৃণমূলের পক্ষে পড়েছে। পাশেই অবস্থিত ১৬৫ নম্বর সংখ্যালঘু বুথের ফলাফলের সঙ্গে এই ফলের বিশাল ব্যবধান ঘাসফুল শিবিরের মনে সন্দেহের সৃষ্টি করেছে। তৃণমূলের দাবি, গণনাকেন্দ্রের অস্বচ্ছতা এবং গণনার শেষ পর্যায়ে তড়িঘড়ি করে ফল প্রকাশের কারণেই এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালত এই মামলায় পুনর্গণনার নির্দেশ দিলে রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।